নরসিংদী প্রতিনিধি: ভয়াবহ ভূমিকম্পের পর নরসিংদীতে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ফাটল ধরা সরকারি-বেসরকারি ভবনসহ বিভিন্ন স্থাপনা চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
নরসিংদী পৌরশহরে হেলে পড়া বা ফাটল ধরা ভবনগুলো শনাক্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে পৌর কর্তৃপক্ষ। পৌর নির্বাহী প্রকৌশলীকে প্রধান করে গঠিত এই কমিটি বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতির মাত্রা নির্ধারণ করবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. মনোয়ার হোসেন।
তিনি আরও জানান, কমিটির প্রতিবেদন পরবর্তী সময়ে জেলা পর্যায়ের কমিটির মাধ্যমে সামগ্রিক ক্ষতির পরিসংখ্যান তুলে ধরা হবে।
ইতোমধ্যে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারটি আবাসিক ভবন, জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউজসহ শতাধিক ভবনে ছোট-বড় ফাটল ধরা পড়ার তথ্য পাওয়া গেছে। এসব স্থাপনার বিস্তারিত তথ্য যাচাই শেষে জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে ক্ষতির চিত্র প্রকাশ করবে।
ভূমিকম্পের পর আগুনে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ শুক্রবার রাতেই পুনঃস্থাপন করা হয়েছে।
দেশের কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী। জেলায় পাঁচজনের মৃত্যু হয়েছে এর মধ্যে সানশেড ভেঙে পড়ে বাবা-ছেলে, দেয়ালের চাপায় এক বৃদ্ধ, গাছ থেকে পড়ে একজন এবং আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে আরেকজন প্রাণ হারান।
পৌর প্রশাসক মনোয়ার হোসেন জানান, নিহত পাঁচজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা হিসেবে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
এদিকে ভূমিকম্পে আহতদের বেশিরভাগই চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে কেউ ভর্তি নেই, তবে কয়েকজন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন পৌর প্রশাসক।
রিপোর্টার্স২৪/এসসি