চাঁদপুর প্রতিনিধি: দেড় হাজারের বেশি মোটরবাইকে নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা করেছে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।
শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলা সদর বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শুধু মোটরবাইকই নয়, বিভিন্ন যানবাহনেও প্রার্থীর বিপুল সংখ্যক সমর্থক এতে যোগ দেন।
শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী। তিনি বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তাদের কেউই জনগণের ভাগ্য পরিবর্তনে সফল হয়নি। মানুষ তাই এখন বিকল্প রাজনৈতিক শক্তি খুঁজছে।
তিনি আরও দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘একমাত্র পরীক্ষিত দল’ এবং জনগণের জানমাল রক্ষা ও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তার ভাষ্য, প্রতিনিয়ত মানুষের সমর্থন বাড়ছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪সহ সর্বত্রই জামায়াত ইসলামী বিজয় অর্জন করবে।
এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুছ হেলাল, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার সেক্রেটারি মো. হারুন অর রশীদ, পৌর জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানসহ উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/আরকে