| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০৯:১০:১৯:পূর্বাহ্ন  |  ১২৩৭৭৭৩ বার পঠিত
নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
ছবির ক্যাপশন: সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ভূমিকম্পের সময় নির্মাণাধীন ভবনের দেয়াল চাপা পড়ে নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) ও তার ছেলে ওমর (৯)-এর দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পাকুন্দিয়া উপজেলার উত্তরপাড়া গ্রামের একটি বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

স্থানীয় সূত্র জানায়, চাকরিজনিত কারণে দেলোয়ার পরিবারসহ নরসিংদী শহরের গাবতলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ভূমিকম্পের সময় পাশের নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে তাদের ওপর পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নরসিংদী সরকারি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকরা ওমরকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারও মারা যান। তিনি বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনে উচ্চমান সহকারী পদে কর্মরত ছিলেন। ওমর নরসিংদীর একটি মাদরাসার হেফজ বিভাগে পড়ত।

নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন সেতু বলেন, “আমার ভাই খুব ভালো মানুষ ছিলেন। তার দুই মেয়ে আহত হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। সবার কাছে দোয়া চাই।”

ইউএমসি জুট মিলসের উপমহাব্যবস্থাপক আবুল কাশেম মো. হান্নান বলেন, “উজ্জ্বল আমাদের প্রতিষ্ঠানে দায়িত্বশীল কর্মী ছিলেন। দাফন-কাফনে প্রতিষ্ঠান থেকে সহযোগিতা করা হয়েছে। তার প্রভিডেন্ট ফান্ড দ্রুত দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিহত দেলোয়ার ও তার ছেলে ওমর পাকুন্দিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। একই ঘটনায় আহত দেলোয়ারের দুই কন্যা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পে নরসিংদীর মাধবদী ছিল উৎপত্তিস্থল। কিশোরগঞ্জে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪