লক্ষ্মীপুর প্রতিনিধি : ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকায় ইটের রেলিং ভেঙে পড়ে নিহত লক্ষ্মীপুরের বাসিন্দা আব্দুর রহিম (৫০) ও তার ছেলে মেহেরাব হোসেন রিমনের (১৩) দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আস সুন্নাহ মাদরাসা ও মসজিদ মাঠে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আব্দুর রহিম রাজধানীর সদরঘাট এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। তিনি পুরান ঢাকার সুরিটোলা স্কুলের পেছনে স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার (২১ নভেম্বর) সকালে মেজো ছেলে রিমনকে নিয়ে তিনি বাজার করতে বের হন। ভূমিকম্পে একটি ভবনের রেলিং ভেঙে তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই তারা মারা যান। নিহত রিমন পুরান ঢাকার একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, আব্দুর রহিম ও তার ছেলে রিমনের মৃত্যু আমাদের সকলকে শোকাহত করেছে। দোয়া করি-আল্লাহ যেন তাদের দু'জনকে জান্নাতুল ফেরদৌস দান করেন৷ আমরা সবসময় তাদের পরিবারের পাশে আছি।
রিপোর্টার্স২৪/মিতু