| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনোনয়ন না পেলে সিদ্ধান্ত নেতাকর্মীর: রুমিন ফারহানা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০৯:৪৭:২১:পূর্বাহ্ন  |  ১৯৫২০২৫ বার পঠিত
মনোনয়ন না পেলে সিদ্ধান্ত নেতাকর্মীর: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবেন কি না, এমন প্রশ্নের জবাবে বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, দলের নেতাকর্মী ও অনুসারীরা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই হবে আমার সিদ্ধান্ত।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে আয়োজিত এক জনসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, জাতীয় নির্বাচন আদৌ হবে কি না তা নিয়ে মানুষের মনে প্রশ্ন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের দাবিদাওয়া এবং নির্বাচন ঘিরে অনিশ্চয়তা—সব মিলিয়ে ভোটের পরিবেশ নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি উল্লেখ করেন, স্বাধীনতার ৫৪ বছর পরও যারা সরকারে না থেকেও নানা সুবিধা পাচ্ছেন, তারা সেসব ছাড়তে চাইছেন না। এতে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর একাংশ) গুরুত্বপূর্ণ এই আসনে এখনও মনোনয়ন ঘোষণা করেনি বিএনপি। এতে মনোনয়নপ্রত্যাশী রুমিন ফারহানার অনুসারীদের মধ্যে হতাশা দেখা গেছে।

দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হবেন কি না, এ বিষয়ে তিনি বলেন, বিগত ১৭ বছর নির্যাতিত মানুষের পাশে থেকেছি, সবসময় দল ও নেতাকর্মীদের সঙ্গে ছিলাম। তাই তারাই ঠিক করবেন আমার রাজনীতি কোন পথে যাবে। নেতাকর্মীদের সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত।

এদিন রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা উপস্থাপন করতে পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন জনসভার আয়োজন করে। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সিসহ স্থানীয় নেতারা।

জনসভায় রুমিন ফারহানা আরও বলেন, আমার এলাকায় এখনও ধানের শীষের প্রার্থী চূড়ান্ত হয়নি। দলের জন্য যা সুবিধাজনক হবে, দল সেই সিদ্ধান্তই নেবে। আমি সবসময় দলের সিদ্ধান্তের সঙ্গেই থাকবো।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪