| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে যুবককে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ০৯:৫৮:৪১:পূর্বাহ্ন  |  ১২৩০৫৪৭ বার পঠিত
ঝিনাইদহে যুবককে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন


ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর দুই দিন পর হত্যার অভিযোগ তুলে বাড়িঘরে হামলা চালানো হয়েছে—এমন অভিযোগ করেছেন রাসেল শেখ (২৮) নামের এক যুবক। রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার কবিরপুরে এক আত্মীয়ের বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রাসেল শেখ শৈলকুপা পৌরসভার ঝাউদিয়া গ্রামের পরিবহন শ্রমিক ইউনূস আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউনূস আলী বলেন, ‘গত ১৫ নভেম্বর শনিবার সকালে ঝাউদিয়া গ্রামের আমার প্রতিবেশী আজাদ মৃধার ২ বছর বয়সী শিশুপুত্র আবরার বাড়ির পাশে কুমার নদে ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। যা পরিবারের বয়ান অনুযায়ী বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

অথচ ঘটনার ২ দিন পর ১৭ নভেম্বর সকালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মৃত শিশুর বাবা আজাদ মৃধা, তার ভাই আছাদ মৃধা, আমজাদ মৃধাসহ ১০–১২ জন লোক বাড়িতে হামলা করে। তারা আমার ছেলে রাসেল শেখের উপর রড, হাতুড়ি, রামদা, শাবল দিয়ে মারধর করে। মারধরের একপর্যায়ে নিস্তেজ হয়ে পড়লে কাঠাল গাছের সাথে বেঁধে কোমর ও পিঠে একনাগাড়ে আঘাত করতে থাকে। ঘটনার দিন সকাল ৭টার দিকে ভয়ভীতি দেখিয়ে অস্ত্রের মুখে আমার শিশুকন্যা আলিফা খাতুনকে জোরপূর্বক অপহরণ করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।’

তিনি বলেন, ‘এ অবস্থায় আমাদের চিৎকারে গ্রামবাসীর সহায়তায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমার ছেলে রাসেলকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনার পরেও তারা আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দিচ্ছে। বর্তমানে আমরা পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনাটি সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায়বিচারের দাবিতে প্রশাসন ও বিচার বিভাগের হস্তক্ষেপ কামনা করছি।’

এ সময় রাসেল শেখের মা মধু খাতুন বলেন, ‘যে শিশুটি মারা গেছে সে প্রতিদিন আমাদের বাড়িতে খেলাধুলা করতো। জমিজমা নিয়ে পূর্ব থেকেই তাদের সঙ্গে আমাদের বিরোধ থাকায় সাজানো ও প্রতারণামূলকভাবে আমার নিরপরাধ ছেলেকে দোষী করার চেষ্টা করছে। এমনকি তারা আমার দেড় বছর বয়সী নাতিকেও মারধর করে। আমরা এর বিচার চাই।’

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪