সিরাজগঞ্জ প্রতিনিধি : গত তিন দিন ধরে সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ী ও দিয়াধানগড়া মহল্লার মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। রাতেও সংঘর্ষে লিপ্ত হচ্ছে দুই মহল্লাবাসী। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষের জেরে রবিবার দুপুরে আবারও সংঘাতে জড়ায় দুই মহল্লাবাসী।
স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিয়াধানগড়া ও ভাঙ্গাবাড়ী মহল্লাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার রাতে দুই মহল্লাবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনার জেরে রবিবার দুপুরে থানা মোড়, পাসপোর্ট অফিসের সামনের সড়কে আবারও দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/এসএন