| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে লংগদু কৃষি ব্যাংকে দুদকের অভিযান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ০৫:১৫:৫১:পূর্বাহ্ন  |  ১৯৪৯০৭৮ বার পঠিত
ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে লংগদু কৃষি ব্যাংকে দুদকের অভিযান

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির লংগদু উপজেলা কৃষি ব্যাংকে কৃষকদের নামে ভুয়া ঋণ উত্তোলন ও কৃষি প্রণোদনা বিতরণে জালিয়াতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৩ নভেম্বর) সকালে দুদকের রাঙামাটি উপকার্যালয়ের পাঁচ সদস্যের একটি তদন্তদল এ অভিযান পরিচালনা করে। দলের নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক ফরহাদ হোসেন।

দুদকের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, লংগদুর আটারকছড়া ইউনিয়নের শতাধিক ব্যক্তির নামে ৩৫ থেকে ৪০ হাজার টাকা করে ঋণ তোলা হয়। কিন্তু সংশ্লিষ্টদের দেওয়া হয় মাত্র দুই হাজার টাকা। বাকি অর্থ আত্মসাৎ করে অভিযুক্তরা এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। প্রাথমিক অনুসন্ধানে ৭ কোটি টাকার বেশি আর্থিক অনিয়ম ও সম্ভাব্য তহবিল আত্মসাতের তথ্য পাওয়া গেছে।

সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন বলেন, ‘কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা আজ সকাল থেকে লংগদু উপজেলা কৃষি ব্যাংকে অভিযান পরিচালনা করি। এ সময় ঋণ বিতরণে অনিয়মের বিষয়ে কৃষকদের সঙ্গে কথা বলি। অভিযান চালিয়ে অনিয়মের কিছু সত্যতা আমরা পেয়েছি।’

অভিযানের সময় দুদক ব্যাংকের ঋণ বিতরণ সংক্রান্ত নথি, হিসাবখাতা ও ডিজিটাল রেকর্ড সংগ্রহ করে। প্রাপ্ত অভিযোগ ও জব্দ করা তথ্য পর্যালোচনা করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় দুদক।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪