বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সামরিক বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক পাঁচজনের মধ্যে চারজন মিয়ানমারের বর্ডার গার্ড (বিজিপি) সদস্য এবং একজন দেশটির সেনাবাহিনীর সদস্য।
রোববার(২৩ নভেম্বর) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সীমান্ত পিলার ৪২–এর কাছে গাছবুনিয়া পাড়ায় তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মজহারুল ইসলাম চৌধুরী। তিনি জানান, আটক ব্যক্তিদের বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গজয়পাড়া বিওপির (বিজিবির ৩৪ ব্যাটালিয়ন) দায়িত্বাধীন সীমান্ত পিলার ৪২ থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে ঢুকে ওই পাঁচজন স্থানীয়দের কাছে আশ্রয় চান। পরে বিওপির একটি টহল দল গিয়ে তাদের আটক করে।
আটকদের পরিচয়: শান স্টেটের মোমক শহরের বাসিন্দা বিজিপির সেকেন্ড ইনস্পেক্টর কো কো সেইন (৩৫), ইরাবতী অঞ্চলের পান্তানাও এলাকার বিজিপি সদস্য সো থু রা (৩৮), একই অঞ্চলের মাগাটুটো এলাকার সদস্য অং সান হ্তু (২৫), বিজিপির সদস্য ক্যাও জায়ার লিন (৩২) এবং ইয়াঙ্গুন অঞ্চলের বাসিন্দা মিয়ানমার সেনাবাহিনীর সৈন্য মিন মিন উ (৪১)।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, আটকদের বিষয়ে তিনি অবগত রয়েছেন, তবে এখনো পর্যন্ত তাদের থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসসি