| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ নয়: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ২২:১১:৪০:অপরাহ্ন  |  ১২২২৬৯১ বার পঠিত
অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ নয়: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

রিপোর্টার্স২৪ডেস্ক: ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ রাখার কোনো প্রয়োজন নেই বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, ভূমিকম্প যেকোনো সময় হতে পারে, তাই আতঙ্কের বদলে সতর্কতা ও প্রস্তুতিই এখন সবচেয়ে জরুরি। বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনাও পাঠানো হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, দেশে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, যা বিদ্যালয় পরিচালনায় বড় বাধা তৈরি করছে। মামলা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন এ পদোন্নতি আটকে আছে। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তিনি বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। মামলা নিষ্পত্তি হলেই ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে। এরপর শূন্য হওয়া পদগুলোতে নতুন নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষক সংকট দূর করতে ইতোমধ্যে বড় আকারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিক শিক্ষাব্যবস্থা আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায়ও অংশ নেন উপদেষ্টা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪