রিপোর্টার্স২৪ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির বড় অঙ্কের ঋণখেলাপি মেসার্স সাসকো টেক্স (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিয়ার রহমান দিপু ও পরিচালক তাঁর স্ত্রী পাপিয়া রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর মিরপুর পল্লবী ডিওএইচএস এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
রোববার (২৪ নভেম্বর) আদালতে দাখিল করা হলে বিচারক দম্পতির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ব্যাংক সূত্রে জানা যায়, সাসকো টেক্স (বিডি) লিমিটেডের কাছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উত্তরা মডেল টাউন শাখার প্রায় ১৬৪ কোটি টাকার অবলোপনকৃত ঋণ বকেয়া রয়েছে।
দিপু–পাপিয়া দম্পতির বিরুদ্ধে ব্যাংকের দায়ের করা ১০টি ফৌজদারি মামলার মধ্যে ৮টিতে আদালত তাঁদের এক বছর করে মোট ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন। বাকি দুই মামলায় তিন মাস করে ছয় মাসের কারাদণ্ড হয়। সব মিলিয়ে দম্পতির সাজা ৮ বছর ৬ মাস। পাশাপাশি চেক সংক্রান্ত মামলায় চেকের মূল্যের সমপরিমাণ ৮০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার রাতে বনানী থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
রিপোর্টার্স২৪/বাবি