রিপোর্টার্স২৪ ডেস্ক: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। সোমবার (২৪ নভেম্বর) সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, অক্টোবরের শেষের দিকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে মাত্র ১২ দিন আগে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। তবে শেষ পর্যন্ত সুস্থ হতে পারেননি।
ধর্মেন্দ্রর মৃত্যুর খবরের মুহূর্তেই মুম্বাইয়ের জুহু এলাকায় তার বাসভবনের সামনে অ্যাম্বুলেন্স এবং পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। বাড়ির চারপাশে ব্যারিকেড বসিয়ে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। সংবাদ সংস্থা (ANI)জানিয়েছে, সকাল থেকেই তারকা ও সহকর্মীরা বাড়িতে আসতে শুরু করেন। উপস্থিত ছিলেন সালমান খান, শাহরুখ খানসহ অনেক প্রখ্যাত অভিনেতা।
একই সঙ্গে মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশান ঘিরে তৈরি হয় রহস্য। হেমা মালিনী, সানি দেওল, ববি দেওল, অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনসহ ধর্মেন্দ্রের পরিবার সেখানে উপস্থিত থাকলেও আনুষ্ঠানিক মৃত্যু ঘোষণা এখনও আসেনি। ভারতীয় গণমাধ্যমের দাবি, কয়েকদিন আগের বিভ্রান্তিকর খবরের পর এবার পুরোপুরি গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।
ধর্মেন্দ্রর প্রয়াণে শোক প্রকাশ করেছেন পরিচালক করণ জোহর। তিনি লিখেছেন, একটি যুগের অবসান। একজন তাবড় মেগাস্টার, যিনি মূলধারার সিনেমার নায়কের মূর্ত প্রতীক। অসাধারণ উপস্থিতি, সুদর্শন এবং ভারতীয় সিনেমার অমর কিংবদন্তি।
১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ধর্মেন্দ্রের। পরবর্তীতে ‘শোলে’,‘ধরম-বীর’,‘চুপকে চুপকে’,‘মেরা গাও মেরা দেশ’, ‘ড্রিম গার্ল’সহ কালজয়ী সিনেমায় অভিনয় করে তিনি দর্শকের হৃদয় জয় করেন। অ্যাকশন এবং রোম্যান্টিক হিরো হিসেবে ধর্মেন্দ্রকে ভক্তরা ভালোবেসে ‘হি-ম্যান’ উপাধি দিয়েছিলেন।
ধর্মেন্দ্রের মৃত্যু শুধু বলিউড নয়, পুরো ভারতীয় সিনেমা জগতের জন্য গভীর শোকের খবর।
রিপোর্টার্স২৪/ঝুম