সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ভয়াবহ এক দুর্ঘটনায় বাড়িতে বানানো পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রান্নার সময় কালোজিরা ভেবে ভুল করে দানাদার কীটনাশক পিঠার মিশ্রণে যোগ করায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ ও চিকিৎসকরা। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রমজাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বিপ্লব হোসেন জানান, পরিবারের সত্তোরোর্ধ্ব সদস্য জুলেখা বিবি রান্নাঘরে রাখা দানাদার কীটনাশককে কালোজিরা ভেবে ব্যবহার করেন। পিঠা খাওয়ার পরপরই পরিবারের সবাই বমি, মাথা ঘোরা ও তীব্র পেটব্যথায় আক্রান্ত হন।
পরবর্তীতে তাদের দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি ব্যক্তিরা হলেন- আইয়ুব খান (৬০), মিতা (৩৫), আকলিমা (৩৫), শারমিন (২৩), সুমাইয়া (২২), উম্মে হাবিবা (২১), জান্নাতি (১৫), মেহজাবিন (১০), সামিয়া (৪), আইজা (২) ও আজিহা (১)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন জানান, উপসর্গ দেখে প্রথমেই তারা ধারণা করেন খাবারের সঙ্গে কীটনাশক জাতীয় কোনো পদার্থ মিশেছে। পরে পাকস্থলী পরিষ্কার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে বেশিরভাগই স্থিতিশীল থাকলেও সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রান্নাঘরে বিপজ্জনক পদার্থ অসাবধানে রাখার বিষয়ে সতর্ক করে চিকিৎসক বলেন, খাবারের উপকরণের পাশে কীটনাশক কিংবা রাসায়নিক দ্রব্য রাখা ঝুঁকিপূর্ণ। সামান্য অসতর্কতাই বড় বিপদ ডেকে আনতে পারে।
এ বিষয়ে এসআই বিপ্লব হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে এটি নিছক অসাবধানতার ফল। তবু পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/আরকে