স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর ওপর ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একইসঙ্গে বৈশ্বিক কার্বন বাজারে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং সবুজ বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
তুরস্কের আন্তালিয়ায় চলমান জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘টাস্কিং দ্য ডেল্টা: ব্রিজিং দ্য ক্লাইমেট’ এবং ‘অ্যাডভান্সিং বাংলাদেশ’স কার্বন ক্রেডিট মার্কেট: অপরচুনিটিজ, ইন্টিগ্রিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অতিরিক্ত ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন প্রয়োজন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ঋণের ভারী বোঝা না বাড়িয়ে দেশের মানুষ ও প্রকৃতি রক্ষায় অনুদানভিত্তিক তহবিল নিশ্চিত করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন শুধু জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সীমাবদ্ধ থাকতে চায় না। সবুজ বিনিয়োগ, উদ্ভাবন এবং উচ্চমানের কার্বন অর্থায়নের মাধ্যমে টেকসই ও ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।
তিনি জানান, প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় ‘বাংলাদেশ কার্বন মার্কেট ফ্রেমওয়ার্ক’ এবং ‘ন্যাশনাল কার্বন রেজিস্ট্রি’ গঠনের মাধ্যমে স্বচ্ছ ও নিরাপদ কার্বন বাণিজ্যের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
পানিসম্পদ ব্যবস্থাপনার সঙ্গে কার্বন বাজারের সংযোগ তুলে ধরে প্রতিমন্ত্রী তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কথা উল্লেখ করেন।
প্রথমত, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বনায়ন এবং ব-দ্বীপ সুরক্ষার মাধ্যমে ব্লু কার্বন সংরক্ষণ। দ্বিতীয়ত, কৃষিতে সৌরচালিত সেচ পাম্প এবং অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (এডব্লিউডি) পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো। তৃতীয়ত, বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০-এর আওতায় প্রকৃতিনির্ভর সমাধানের মাধ্যমে বন্যা সহনশীলতা বাড়ানো।
বক্তব্যের শেষে বৈশ্বিক সবুজ রূপান্তরে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হতে দ্বিপক্ষীয় সহযোগী, বহুপক্ষীয় সংস্থা এবং বেসরকারি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান দুটিতে বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, সিইজিআইএস, আইডব্লিউএম এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা ইউএনএফসিসিসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/রাফিদ