তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে বোরো ধানের (হাইব্রিড ও উফশী) আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের অগ্রাধিকার তালিকা প্রণয়নে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রণোদনা ও বাস্তবায়ন কমিটির আয়োজনে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসাইন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নে ১ হাজার ৩০০ জন কৃষককে উফশী জাতের বোরো ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হবে। এছাড়া ১ হাজার ৪৫০ জন প্রান্তিক কৃষকের মধ্যে ২ কেজি করে হাইব্রিড জাতের বীজধান বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাসরীন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তমা চক্রবর্তী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ হোসেন চৌধুরী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনিছুর রহমান, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা, ইউনিয়ন পরিষদ সচিবসহ প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/আরকে