রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে এক অজ্ঞাত শিশুর পা বিচ্ছিন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যায় পুলিশ।
পুলিশ জানায়, আহত শিশুর নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ১০-১২ বছর। ঢাকা রেলপথ থানার ওসি জয়নাল আবেদিন বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় পা ফসকে নিচে পড়ে যায় শিশুটি। এসময় ট্রেনের চাকার নিচে একটি পা কাটা পড়ে। উপস্থিত লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
রেলওয়ে কর্মকর্তারা জানান, শিশুটির সঙ্গে কোনো অভিভাবক ছিল না। ধারণা করা হচ্ছে, সে আশপাশের এলাকার বাসিন্দা কিংবা পথশিশু হতে পারে।
এদিকে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, শিশুটি চাকার নিচে আটকে যন্ত্রণায় ছটফট করছে এবং সাহায্যের জন্য আকুতি জানাচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি