রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঁচটি ই–কারের চলাচল শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় নতুন সুবিধা যোগ করতে এ উদ্যোগ নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)। ই–কারে শিক্ষার্থীরা মাত্র ৫ টাকায় ক্যাম্পাসজুড়ে যাতায়াত করতে পারবেন।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে ই–কার সেবার উদ্বোধন করেন রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান ও রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।
রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান বলেন, ই–কার সেবা চালুর মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ হবে। বর্তমানে পাঁচটি ই–কার চালু থাকলেও সংখ্যাটি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়াও তিনি বলেন,গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিগগিরই বৃত্তি চালুর উদ্যোগ নেওয়া হবে।
রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই রুয়া শিক্ষার্থীদের কল্যাণে নানামুখী উদ্যোগ নিয়ে আসছে। বিসিএস পরীক্ষার্থীদের সহযোগিতা থেকে শুরু করে ই–কার সেবার মতো পদক্ষেপ সবই তাদের ধারাবাহিক প্রচেষ্টার ফল।
ই–কার সেবা চালু হওয়ায় রাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতে স্বস্তি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/মিতু