| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহের ৫৭ হাজার সনাতনীর ভোট কেন্দ্রে না যাওয়ার ঘোষণা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৭:১৯:১৬:পূর্বাহ্ন  |  ১২১৯০২৭ বার পঠিত
ঝিনাইদহের ৫৭ হাজার সনাতনীর ভোট কেন্দ্রে না যাওয়ার ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ–২ আসনে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদকে মনোনয়ন না দিলে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু এলাকার ৫৭ হাজার সনাতনী ভোটার ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার দুপুরে ঝিনাইদহ শহরে ঝিনাইদহ–২ নির্বাচনী এলাকার ১১০টি পূজা মন্দির কমিটিসহ চারটি সনাতনী সংগঠন যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক চন্দন বসু মুক্ত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য–সচিব প্রহল্লাদ সরকার, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মলিন কুমার ঘোষ, সদস্য–সচিব সমীর কুমার হালদার, দীপংকর ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের অরুণ কুমার ঘোষ, গণেশ চন্দ্র বিশ্বাস, সুমন বিশ্বাস, প্রবীণ সনাতনী ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যক্ষ শুষেন কুমার ভৌমিক, বিমল কুমার ঘোষাল ও সাধন কুমার ঘোষ।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৫ আগস্ট ২০২৪–এর পর থেকে ঝিনাইদহ জেলার সার্বিক পরিস্থিতি অত্যন্ত স্থিতিশীল ও শান্তিপূর্ণ এবং সনাতনী সম্প্রদায় ঝিনাইদহ–২ নির্বাচনী এলাকায় নির্ভয়ে ও নিরাপদে বসবাস করছে। বিগত দুই বছর আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং কোনো ধরনের আতঙ্ক ছাড়াই উদযাপিত হয়েছে।

হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে ধর্মীয়, সামাজিক, পারিবারিক ও ব্যবসায়িকসহ সব কার্যক্রম নিরাপত্তার সঙ্গে দেখভাল ও সার্বক্ষণিক পাশে থেকে ভ্যানগার্ডের দায়িত্ব পালন করছেন যে মানুষটি, তিনি হলেন ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাড. এম. এ. মজিদ। তাঁর আন্তরিক সহযোগিতা ও সহায়তা সনাতনী সমাজের মধ্যে আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি করেছে।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, বিএনপি একটি বৃহৎ ও জনসম্পৃক্ত রাজনৈতিক দল। ভবিষ্যতে ঝিনাইদহের মানুষের সার্বিক উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য অ্যাড. এম. এ. মজিদের নেতৃত্ব অপরিহার্য। তাঁর মতো একজন প্রগতিশীল এবং সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল নেতার প্রয়োজন। সনাতনীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অ্যাড. এম. এ. মজিদের সমর্থনে নির্বাচনী কাজ শুরু করেছেন। এই কাজ শুরু করতে গিয়ে একটি কুচক্রী মহল বিএনপি সভাপতির জনপ্রিয়তা ও ব্যক্তিগত ইমেজে ঈর্ষান্বিত হয়ে অনলাইন, টিভি চ্যানেল, জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক অপপ্রচার চালাচ্ছে। সনাতনীরা এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছে।

ঝিনাইদহের সনাতনীরা জননেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে সংবাদ সম্মেলনে বলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদ নির্যাতিত নেতাকর্মীদের আলোকবর্তিকা। তিনি নিজেও ফ্যাসিবাদী শক্তির দ্বারা নির্যাতিত। তাঁর বাসাবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল।

এত কিছু সত্ত্বেও তিনি নিজ দলের নেতাকর্মী ও সনাতনীদের আগলে রেখেছেন পরম মমতায়। জেলা, উপজেলা, শহর, গ্রাম ও ইউনিয়নের নেতাকর্মীদের নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী তাঁদের আর্থিক সহায়তা দিয়ে অভিভাবকের দায়িত্ব পালন করে গেছেন। ফলে তাঁকে মনোনয়ন না দিলে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু এলাকার ৫৭ হাজার সনাতনী ভোটার ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকবেন বলে ঘোষণা দেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪