মেহেরপুর প্রতিনিধি :মেহেরপুরের গাংনী উপজেলার কসবা মধ্যপাড়ায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে পুকুরের পাশে খেলতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। ওই শিশুর নাম আইমান। সে কসবা গ্রামের বশির উদ্দীনের ছেলে।
কসবা ব্লাড ব্যাংক সোসাইটির সভাপতি রাসেল জানান, বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল আইমান। অনেকক্ষণ তাকে না দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে মৃত্যুবরণ করে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন