রিপোর্টার্স২৪ডেস্ক: বলিউডের বরেণ্য অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। সোমবার (২৪ নভেম্বর) সকালে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই কিংবদন্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হিন্দি চলচ্চিত্র অঙ্গনসহ অসংখ্য ভক্তের হৃদয়ে।
এমন সময় আবার আলোচনায় এসেছে ধর্মেন্দ্রর একটি পুরোনো সাক্ষাৎকার। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার জীবন নিয়ে যদি কোনো বায়োপিক নির্মিত হয়, তাহলে কোন অভিনেতাকে নিজের চরিত্রে দেখতে চান? কোনো দ্বিধা ছাড়াই তিনি উত্তর দিয়েছিলেন, সালমান খান।
ধর্মেন্দ্রর মতে, সালমানের সঙ্গে তার বহু মিল রয়েছে এবং তিনিই সবচেয়ে ভালোভাবে তার চরিত্র ফুটিয়ে তুলতে পারবেন। তার এই উত্তর অনেকে বিস্ময়ের সঙ্গে গ্রহণ করেছিলেন। কারণ তিনি নিজের দুই ছেলে, সানি দেওল বা ববি দেওলকে নয়, এমনকি ভাতিজা অভয় দেওলকেও নন, বরং বেছে নিয়েছিলেন সালমান খানকে।
ধর্মেন্দ্র-সালমানের বন্ধনও ছিল গভীর। সালমান বহুবার প্রকাশ্যে বলেছেন, ধর্মেন্দ্রই তার সবচেয়ে বড় অনুপ্রেরণা। এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আমার অনুপ্রেরণার একজনই মানুষ ছিলেন ধর্মজি। তিনি আমার বাবা, এটাই শেষ কথা।ধর্মেন্দ্রও স্নেহভরে সালমানকে ‘তৃতীয় ছেলে’ বলে ডাকতেন।
এই প্রেক্ষাপটে ধর্মেন্দ্রর মৃত্যুর পর আবার জোরেশোরে আলোচনা চলছে তার বায়োপিক নিয়ে। অনেকেই বলছেন, যদি সত্যিই সেই জীবনীচিত্র নির্মিত হয়, তবে সালমান খানকেই ধর্মেন্দ্রর ভূমিকায় দেখা উচিত, কারণ কিংবদন্তি অভিনেতা নিজেই তাকে ‘সবচেয়ে উপযুক্ত’ বলে উল্লেখ করেছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি