| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রিয় গিটারিস্টকে হারিয়ে শোকাহত রুনা লায়লা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ০৮:৪৭:৫৯:পূর্বাহ্ন  |  ১২০৯৭৭২ বার পঠিত
প্রিয় গিটারিস্টকে হারিয়ে শোকাহত রুনা লায়লা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশের প্রখ্যাত গিটারিস্ট সেলিম হায়দার। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর আকস্মিক বিদায়ে শোকে মাতমে ভাসছে সংগীতাঙ্গন।

এই নন্দিত গিটারিস্টের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।

এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আজ বাংলাদেশ একজন অত্যন্ত প্রতিভাবান শিল্পীকে হারাল। সেলিম হায়দার গত তিরিশ বছরেরও বেশি সময় ধরে আমার সঙ্গে বাজিয়েছেন। আমরা একসঙ্গে প্রায় পুরো পৃথিবী ভ্রমণ করেছি, অসংখ্য কনসার্ট করেছি, অগণিত স্মৃতি জড়িয়ে আছে আমাদের সংগীতে।”

তিনি আরও লিখেন, “তিনি আমার দলের অবিচ্ছেদ্য একজন সদস্য ছিলেন, প্রতিটি সুর-প্রতিটি গান তাঁর ছিল মুখস্থ। আর কাজে অপরিসীম নিবেদিতপ্রাণ ছিলেন। জানতাম, তিনি অসুস্থ। নিয়মিত খোঁজ নিতাম। মন থেকে আশা করতাম, প্রার্থনা করতাম, তিনি সুস্থ হয়ে আবার আমার কনসার্টে বাজাবেন। কিন্তু তা আর হলো না… সেলিম হায়দারকে আমি খুব তাড়াতাড়ি হারালাম। তাঁর চলে যাওয়ায় আমি হতবাক, মর্মাহত। এই আকস্মিক বিদায়ের কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছি না।”

মাসখানেক আগে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন সেলিম হায়দার। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খানিক সুস্থ হয়ে বাসায় ফেরেন। ২৭ নভেম্বর আবার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা ঢাকার হাতিরপুল এলাকার পুকুরপাড় জামে মসজিদে সেলিম হায়দারের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে।

সেলিম হায়দার মূলত লিড গিটারিস্ট ছিলেন। বেজ ও রিদম গিটার, অ্যাকুস্টিক ড্রামস এবং কিবোর্ডেও ছিলেন পারদর্শী। ফিডব্যাক ব্যান্ডের বাইরেও দেশের বেশিরভাগ শিল্পীর সঙ্গে তিনি গিটার বাজিয়েছেন। তিনি পরিচালনা করেছেন দুটি জনপ্রিয় গান ‘এইদিন চিরদিন রবে’ ও ‘ঐ দূর থেকে দূরে’।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪