| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ০৭:২৪:৫৪:পূর্বাহ্ন  |  ১১৭৬১৬৮ বার পঠিত
আজ মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় আজ (শনিবার) একই নামে একটি নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর এ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ঘটনাটিকে কেন্দ্র করে যাতে কোনোভাবেই সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারকে কঠোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন এলাকাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আজ থেকে ঠিক ৩৩ বছর আগে, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদটি ধ্বংস করা হয়। সম্প্রতি সংবাদ সম্মেলনে হুমায়ুন কবীর জানিয়েছেন, রেজিনগরে প্রস্তাবিত ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেবেন। তিনি আশা প্রকাশ করেন যে মসজিদ তৈরিতে তিন বছর লাগবে এবং এর ব্যয়ভার বহন করবেন ধর্মপ্রাণ মুসলিমরা।

নিরাপত্তার বিষয়ে ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার জানান, সিআইএসএফের ১৯টি কম্পানি ইতোমধ্যে এলাকায় রয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে র‌্যাফসহ ৩৫০০ সদস্যের একটি দল রেজিনগর ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে। ১২ নম্বর জাতীয় সড়ক সুরক্ষায় বিএসএফের দুই কম্পানি প্রস্তুত রাখা হয়েছে।

বেলডাঙা ব্লক–১ এলাকায় ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান স্থগিতের দাবিতে কলকাতা হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। আবেদনে বলা হয়, অনুষ্ঠানের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এবং হুমায়ুন কবীরের কিছু মন্তব্য উত্তেজনা বাড়াতে পারে।

আবেদনের শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের বেঞ্চ বলেন, রাজ্য সরকারকে নিজেদের অবস্থান অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। মুর্শিদাবাদে আইন–শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখা এবং নাগরিকদের জীবন–সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ের পর অযোধ্যায় রাম মন্দির নির্মিত হয়েছে। আর ওয়াক্‌ফ (সংশোধনী) আইনের প্রতিবাদে আট মাস আগে মুর্শিদাবাদেই ছড়িয়েছিল সাম্প্রদায়িক উত্তেজনা। সূত্র : দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪