ইন্টারন্যাশনাল ডেস্ক: স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা প্রায় ১ হাজার ৮০০ জনে পৌঁছেছে। টানা অতিবৃষ্টিতে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় প্রকৃত মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (৬ ডিসেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত ৮৬৭ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও ৫২১ জন। প্রায় ৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেশটির আচেহ প্রদেশের সুমাত্রা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ৬০৭ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে দেশটির সরকার। নিখোঁজ রয়েছেন ২১৪ জন, যাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট কুমারা দেশনায়ক এ পরিস্থিতিকে দেশের ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাকৃতিক দুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন। থাইল্যান্ডে বন্যায় ২৭৬ জনের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি মালয়েশিয়া ও ভিয়েতনামে দু’জন করে নিহত হয়েছেন।
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে পরিস্থিতি এখনও ভয়াবহ। আজ শনিবারও সেখানে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আচেহর গভর্নর মুজাকির মানাফ জানান, কোমরসমান কাঁদার নিচে এখনো উদ্ধারকর্মীরা মৃতদেহ খুঁজছেন। বহু দুর্গম এলাকায় খাদ্যঘাটতি তৈরি হয়েছে। ত্রাণ না পৌঁছালে মানুষ অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। আচেহর তামিয়াং অঞ্চলের কয়েকটি গ্রাম বন্যা ও ভূমিধসে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।
শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) বলছে, বন্যা ও ভূমিধসে ৭১ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত, যার মধ্যে ৫ হাজার বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: আলজাজিরা
রিপোর্টার্স২৪/ঝুম