| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু, ম্যানেজার গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৭, ২০২৫ ইং | ০৭:১৫:৩৮:পূর্বাহ্ন  |  ৪২১১৮৯ বার পঠিত
গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু, ম্যানেজার গ্রেপ্তার
ছবির ক্যাপশন: আশিস গুপ্ত, নতুন দিল্লি

আশিস গুপ্ত, নতুন দিল্লি : গোয়ার উত্তরাঞ্চলের আর্পোরা গ্রামের জনপ্রিয় সমুদ্রসৈকত বাগা এলাকায় ‘বার্চ বাই রোমিও লেন’ নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মধ্যরাতের কিছু পরেই এ দুর্ঘটনা ঘটে। রাজ্য রাজধানী পানাজি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের এই ক্লাবটি সম্পূর্ণ পুড়ে যায়।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন করে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশে ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। ক্লাব ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে এবং মালিকদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “নিরাপত্তা বিধি উপেক্ষার কারণে দায়ী সবাইকে আইনের আওতায় আনা হবে।”

রবিবার সকালে গোয়া পুলিশ জানায়, নিহতদের মধ্যে চারজন পর্যটক ও ১৪ জন ক্লাবের কর্মচারী। বাকি সাতজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ছয়জন আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ নিয়ে পুলিশ ও দমকল বিভাগের তদন্ত চলছে।

যদিও পুলিশ সিলিন্ডার বিস্ফোরণকেই দুর্ঘটনার কারণ বলছে, কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, আগুন ক্লাবের প্রথম তলা থেকে ছড়িয়ে পড়ে, যেখানে পর্যটকরা নাচছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আগুন দ্রুতগতিতে পুরো ভবন গ্রাস করে।

মুখ্যমন্ত্রী সাওয়ান্ত জানান, নিহতদের বেশিরভাগই রান্নাঘরের কর্মী, যাদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্লাবটি অগ্নিনিরাপত্তা বিধি মানেনি। নিরাপত্তা ছাড়পত্র থাকা সত্ত্বেও ক্লাব পরিচালনার অনুমতি দেওয়া সংক্রান্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স-এ পোস্ট দিয়ে মূল্যবান প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুর্ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে আখ্যায়িত করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আশ্বাস দেন, রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা দেবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীও শোক প্রকাশ করে ঘটনাটিকে “নিরাপত্তা ও শাসনের অপরাধমূলক ব্যর্থতা” বলে উল্লেখ করেন। তিনি একটি স্বচ্ছ ও দায়িত্বশীল তদন্তের দাবি জানিয়ে বলেন, এ ধরনের প্রতিরোধযোগ্য ঘটনা আর যেন না ঘটে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪