রিপোর্টার্স২৪ ডেস্ক: এক সময়ের ব্যস্ত শোবিজ তারকা মোনালিসা অভিনয় ও মডেলিং থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে পেশাদার রূপসজ্জাশিল্পী হিসেবে। এবার সেই কর্মজীবনে এসেছে নতুন সুখবর। তিনি সম্প্রতি ব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন।
জানা গেছে, আন্তর্জাতিক প্রসাধনসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ১২ বছর জ্যেষ্ঠ রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করার পর সম্প্রতি তিনি প্রতিষ্ঠান পরিবর্তন করে নতুন একটি প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে যোগ দিয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে তার নতুন কর্মজীবনের অধ্যায়।
নিজের ফেসবুক পোস্টে মোনালিসা লিখেছেন, "এই নতুন অধ্যায়ের জন্য আমি নিজেকে ভীষণভাবে ধন্য মনে করছি। কঠোর পরিশ্রমই আমাকে আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। নতুন দায়িত্ব পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠেছি। সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ, নতুন সম্ভাবনা।"
মোনালিসা আরও বলেন, "অভিনয় ও মডেলিং আমার ভালোবাসা, কিন্তু মেকআপ আমার প্যাশন। যুক্তরাষ্ট্রে এসে বুঝেছি, এই সেক্টরে আমার আরও অনেক কিছু করার আছে।"
একসময় নাটক, বিজ্ঞাপনচিত্র ও মডেলিংয়ে নিয়মিত দেখা যেত তাকে। নাচেও ছিলেন পারদর্শী। তবে হঠাৎ করেই শোবিজ থেকে সরে গিয়ে প্রবাসজীবন বেছে নেন।
গত বছর দেশে এলেও কিছুদিনের মধ্যেই আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান।
অভিনয়ে পুরোপুরি বিদায় না হলেও মুক্তির অপেক্ষায় রয়েছে মোনালিসা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’, যার টিজার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করে দেশ ছাড়েন মোনালিসা, পরে তাঁদের বিচ্ছেদ ঘটে। সেই অধ্যায় পেরিয়ে আজ তিনি নিজ কর্মক্ষেত্রে নতুন সাফল্যের মুখ দেখছেন।
রিপোর্টার্স২৪/আয়েশা