কলকাতা প্রতিনিধি: তিন দিনের সফরে ভারতে এসেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সফরের প্রথম দিনেই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) দর্শকদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মেসি। তবে সেখানে চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়েছেন দর্শকরা। ভিআইপিদের ভিড়ে তাকে দেখতে না পেয়ে ব্যাপক ভাঙচুর চালান তারা। এসময় দ্রুত স্টেডিয়াম ত্যাগ করেন মেসি। এ ঘটনায় আর্জেন্টাইন তারকা ও তার ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি লেখেন, আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং মর্মাহত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী এবং ভক্তদের সঙ্গে আমিও অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামে যাচ্ছিলাম। তারা তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির পাশাপাশি সব ক্রীড়াপ্রেমী এবং তার ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।
মমতা আরও লেখেন, আমি বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করছি, যার সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব।
তিনি লেখেন, ‘এই ঘটনায় বিশদ অনুসন্ধান করবে কমিটি। যারা দায়ী, তাদের চিহ্নিত করা হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সুপারিশ করবে। এর পরে আরও একবার সকল ক্রীড়াপ্রেমীর কাছে ক্ষমা চেয়ে নেন মমতা।
কমিটি এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায়িত্ব নির্ধারণ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।
রিপোর্টার্স২৪/এসসি