আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টোকিওর উদ্দেশে ছেড়ে যাওয়া ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একটি ইঞ্জিন অচল হয়ে পড়ায় বিমানটি জরুরি ভিত্তিতে পুনরায় ডুলস বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়।
রোববার (১৪ ডিসেম্বর) দেশটির কেন্দ্রীয় বিমান প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।
ইউনাইটেড এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, আকাশে ওঠার অল্প সময়ের মধ্যেই বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। ফ্লাইটটিতে ২৭৫ জন যাত্রী ও ১৫ জন ক্রু সদস্য ছিলেন। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ডুলস বিমানবন্দরের রানওয়ের পাশ থেকে সাদা ধোঁয়া উঠছে। ওয়াশিংটন ডিসি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এ বিমানবন্দরটি যুক্তরাষ্ট্রের রাজধানীর নিকটতম প্রধান বিমানবন্দর।
বোয়িং ৭৭৭-২০০ মডেলের এই বিমানটি ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ৮০৩ হিসেবে পরিচালিত হচ্ছিল। কেন্দ্রীয় বিমান প্রশাসন জানিয়েছে, ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হবে।
বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিমানের ইঞ্জিনের একটি কভার খুলে গিয়ে সেখানে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে রানওয়ের পাশের ঘাসেও আগুন ধরে যায়।
মেট্রোপলিটান ওয়াশিংটন বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ইউনাইটেড এয়ারলাইন্স আরও জানিয়েছে, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প একটি বিমানের ব্যবস্থা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসএন