আন্তর্জাতিক ডেস্ক: গত মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধিত্বকারী সারাহ জাফসে বর্ণবাদী এক বিতর্কের জন্ম দিয়েছেন। নিজের চোখের কোণ টেনে ধরা একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
বিবিসির তথ্য অনুযায়ী, ২২ বছর বয়সী সারাহর ‘মিস ফিনল্যান্ড’ মুকুট ইতোমধ্যেই কেড়ে নেওয়া হয়েছে। ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন,‘এক চীনার সঙ্গে খাচ্ছি।’
উল্লেখ্য, চোখ বাঁকা বা সরু করে দেখানোর এই ভঙ্গি পূর্ব এশীয়দের প্রতি চরম অবমাননাকর হিসেবে বিবেচিত হয়।
সারাহ জাফসের ওই পোস্ট জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এর প্রভাব পড়েছে ফিনল্যান্ডের জাতীয় বিমান সংস্থা ‘ফিনএয়ার’-কেও। এ ঘটনায় গত সোমবার মুখ খোলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো। তিনি সারাহর অঙ্গভঙ্গিকে ‘কাণ্ডজ্ঞানহীন’ উল্লেখ করে বলেন, উদ্ভূত এই বিতর্ক ফিনল্যান্ডের ভাবমূর্তি নষ্ট করছে।
সারাহ জাফসে দাবি করেছেন, রাতের খাওয়ার সময় মাথাব্যথার কারণে ওই অভিব্যক্তি হয়েছিল। ফিনল্যান্ডের ট্যাবলয়েড ‘ইলতা-সানোমাত’-এর প্রতিবেদনের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, ১১ ডিসেম্বরের ওই পোস্টে তার অনুমতি ছাড়া এক বন্ধু আপত্তিকর ক্যাপশনটি জুড়ে দেন। এই জন্য তিনি ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, এটি অনেক মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করেছে। এমনটি করার কোনো উদ্দেশ্য ছিল না। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো মানুষের প্রতি শ্রদ্ধা, তাদের প্রেক্ষাপট ও বৈচিত্র্যকে সম্মান করা।
তবে তার ক্ষমা প্রার্থনাও সমালোচনার মুখে পড়েছে। অনেকে এটিকে ‘অকপট’ হিসেবে অভিহিত করেছেন, কারণ ক্ষমা চাওয়া পোস্টের ক্যাপশনটি ফিনিশ ভাষায় লেখা। সমালোচকরা বলছেন, ফিনল্যান্ডের বাইরে চীনারা এটি বুঝবে কিনা তা সন্দেহজনক। কেউ কেউ মন্তব্য করেছেন, এশীয়রা আপনাকে কোনো ক্ষতি করেনি।
এদিকে, ফিনল্যান্ডের ডানপন্থী দুই এমপি জুহো এরোলা ও কাইসা গ্যারেডেউ সারাহকে সমর্থন জানাতে গিয়ে একই ভঙ্গিতে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। তবে তীব্র সমালোচনার মুখে তারা সেই পোস্ট সরিয়ে নেন। এরোলা ক্ষমা চেয়ে বলেন, আমার মনে হয়েছে সারাহকে অপ্রত্যাশিতভাবে কঠোর শাস্তি দেওয়া হয়েছে।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো দুই এমপির কর্মকাণ্ডকে ‘শিশুসুলভ’ বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, জনপ্রতিনিধিদের উচিত সঠিক আচরণের উদাহরণ সৃষ্টি করা।
রিপোর্টার্স২৪/এসসি