আন্তর্জাতিক ডেস্ক: হলিউডের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও রাজনৈতিক কর্মী রব রাইনারের ছোট ছেলে নিক রাইনার তার বাবা–মাকে হত্যার অভিযোগে বুধবার প্রথমবারের মতো আদালতে হাজির হয়েছেন।
তবে আসামিপক্ষের আবেদনে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের (আরেইনমেন্ট) শুনানি তিন সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে। এ সময় তিনি কোনো দোষ স্বীকার বা অস্বীকারের আবেদন করেননি।
৩২ বছর বয়সী নিক রাইনারকে আগামী ৭ জানুয়ারি লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে আবার হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে মুলতবির নির্দিষ্ট কারণ জানানো হয়নি।
অভিযোগ অনুযায়ী, গত রোববার ভোরে লস অ্যাঞ্জেলেসের অভিজাত ব্রেন্টউড এলাকার নিজ বাড়িতে ছুরিকাঘাতে বাবা রব রাইনার (৭৮) ও মা মিশেল রাইনার (৭০)–কে হত্যা করেন নিক রাইনার। ঘটনার পর তিনি পালিয়ে যান। রোববার বিকেলে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন সন্ধ্যায় তাদের বাড়িতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামার সঙ্গে একটি অনুষ্ঠানের কথা ছিল বলে জানানো হয়েছে।
রোববার রাতেই লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউন এলাকার একটি পার্কের কাছে নিক রাইনারকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় কোনো প্রতিরোধ হয়নি। তিনি বর্তমানে জামিন ছাড়া হেফাজতে রয়েছেন। গণমাধ্যমের তথ্যমতে, নিক রাইনার বাবা–মায়ের বাড়ির গেস্টহাউসে বসবাস করতেন।
আদালতে নীল রঙের সুরক্ষা ভেস্ট পরা অবস্থায় হাজির হওয়া নিক রাইনার বিচারকের প্রশ্নের উত্তরে কেবল ‘জি, মাননীয় বিচারক’ বলেন। তার আইনজীবী অ্যালান জ্যাকসন শুনানি শেষে জানান, এটি রাইনার পরিবারের জন্য একটি ‘বিধ্বংসী ট্র্যাজেডি’ এবং মামলাটি অত্যন্ত জটিল।
রাইনার দম্পতির অন্য দুই সন্তান জেক রাইনার ও রোমি রাইনার এক যৌথ বিবৃতিতে বলেন, আমাদের বাবা–মাকে হারানোর যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তারা শুধু আমাদের বাবা–মা ছিলেন না, আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
প্রসিকিউশনের তথ্যমতে, হত্যাকাণ্ডে একটি ছুরি ব্যবহার করা হয়েছে। তবে ঘটনার পেছনে উদ্দেশ্য বা মাদক সংশ্লিষ্ট কোনো ভূমিকা ছিল কি না, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। দোষী সাব্যস্ত হলে নিক রাইনারের যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে। যদিও ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের ওপর ২০১৯ সাল থেকে স্থগিতাদেশ রয়েছে।
রয়টার্স/রিপোর্টার্স২৪/এসসি