| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদির জানাজা শনিবার দুপুর আড়াইটায়

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৯, ২০২৫ ইং | ১৮:৫২:৩০:অপরাহ্ন  |  ৯১৭৯৪১ বার পঠিত
ওসমান হাদির জানাজা শনিবার দুপুর আড়াইটায়
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় জানানো হয়েছে, শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে জানাজার সময় সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ওসমান হাদির কফিন বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে তার কফিনের পাশে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা জানানো নেতাদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর নেতা মিয়া গোলাম পরওয়ার, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতারা।

জানা গেছে, বিমানবন্দর থেকে ওসমান হাদির মরদেহ সরাসরি হিমঘরে রাখা হবে। মরদেহ বহনকারী ফ্রিজার অ্যাম্বুলেন্স ইতোমধ্যে হিমঘরের উদ্দেশে রওনা হয়েছে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ হিমঘরে সংরক্ষণের পর সংগঠনের কর্মীরা শাহবাগে অবস্থান নেবেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। এ প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে।

একই সঙ্গে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র-জনতাকে আজ ও আগামীকাল শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে এবং সহিংসতার সুযোগ না পায়। মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না বলেও জানানো হয়। সকলের নিকট শহীদ ওসমান হাদির জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি।

এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মাথায় বিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪