ভাঙ্গা প্রতিনিধি: হাঁস ধরা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চাচাতো ভাইয়ের স্ত্রীর দায়ের কোপে টুকু মোল্লা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় আলগী ইউনিয়নের গুনপালদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টুকু মোল্লা ঢাকায় একটি জুতার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাতিজার সুন্নতে খতনা উপলক্ষে বাড়িতে আসা টুকু মোল্লার স্ত্রীর একটি হাঁস প্রতিবেশী চাচাতো ভাই সোহাগ মোল্লার স্ত্রীর হাঁসের খোপে ঢুকে পড়ে। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে সোহাগের স্ত্রী সীমা বেগম ধারালো বটি দিয়ে টুকু মোল্লাকে কুপিয়ে জখম করেন।
গুরুতর আহত অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা থানার এসআই মোশাররফ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি