কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পাহাড়ে কৃষিকাজ করার সময় এক আদিবাসী যুবককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের চৌকিদারপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত যুবকের নাম সংকুচিং (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় একই এলাকার এবাদুল্লাহ (৬০) নামের এক বৃদ্ধ পালিয়ে প্রাণে বাঁচেন।
এবাদুল্লাহ জানান, পাহাড়ে কাজ করার সময় ২০–৩০ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা সংকুচিংকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। তাকেও ধরার চেষ্টা করা হলে তিনি দৌড়ে পালিয়ে যান। পালানোর সময় তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয় বলে দাবি করেন তিনি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অপহৃত যুবককে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি