| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাস্থ্য খাতে পাঁচ বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্র-নাইজেরিয়া

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৬:০২:৩৮:অপরাহ্ন  |  ১০৭৬৯৯৭ বার পঠিত
স্বাস্থ্য খাতে পাঁচ বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্র-নাইজেরিয়া
ছবির ক্যাপশন: ছবিসূত্র: নাইজেরিয়া হেলথ ওয়াচ

রিপোর্টার্স২৪ ডেস্ক: নাইজেরিয়ার স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করতে দেশটির সঙ্গে পাঁচ বছরের একটি বড় ধরনের স্বাস্থ্য সহযোগিতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২০ ডিসেম্বর) স্বাক্ষরিত এই চুক্তির আওতায় সংক্রামক রোগ প্রতিরোধ ও মা–শিশু স্বাস্থ্য উন্নয়নে বহুমুখী সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র নাইজেরিয়াকে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে। এই অর্থ এইচআইভি/এইডস, যক্ষ্মা, ম্যালেরিয়া ও পোলিও প্রতিরোধ কার্যক্রমের পাশাপাশি মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্য খাতে ব্যয় করা হবে।

এদিকে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া একই সময়ে জাতীয় স্বাস্থ্য খাতে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে। দুই দেশের এই যৌথ উদ্যোগকে দেশটির স্বাস্থ্য অবকাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

চুক্তিতে খ্রিস্টান ধর্মভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা জোরদারের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। স্থানীয় পর্যায়ে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার এই চুক্তিটি সম্প্রতি যুক্তরাষ্ট্র-কেনিয়ার মধ্যে হওয়া ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের স্বাস্থ্য সহায়তা চুক্তির পর আরেকটি বড় দ্বিপাক্ষিক উদ্যোগ। ইউএসএআইডি বন্ধ হওয়ার পর ট্রাম্প প্রশাসনের অধীনে এটিই প্রথম বড় আকারের দ্বিপাক্ষিক স্বাস্থ্য চুক্তি বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

নাইজেরিয়ায় খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের প্রেক্ষাপটেই এই চুক্তির ঘোষণা এলো। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছিলেন, নাইজেরিয়াসহ কয়েকটি দেশে খ্রিস্টানরা মারাত্মক হুমকির মুখে রয়েছে এবং সহিংসতা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতেও প্রস্তুত।

উল্লেখ্য, নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে খ্রিস্টানদের সংখ্যা বেশি, আর উত্তরাঞ্চলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। তবে দেশটির সরকার বরাবরই দাবি করে আসছে, তারা কোনো ধর্মীয় নিপীড়ন সমর্থন করে না এবং দেশের নিরাপত্তা সংকট মূলত ধর্মীয় কারণে নয়, বরং সন্ত্রাসবাদ ও অপরাধমূলক কর্মকাণ্ডের ফল।

সূত্র: দ্য গার্ডিয়ান নাইজেরিয়া নিউজ

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪