রিপোর্টার্স২৪ডেস্ক: নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে কয়েকজন তরুণের বিক্ষোভকে নিয়ে কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে দাবি করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (২০ ডিসেম্বর) ২০–২৫ জন তরুণ বাংলাদেশ হাইকমিশনের সামনে ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন। তবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো সময় হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি এবং কোনো ধরনের নিরাপত্তাজনিত পরিস্থিতি সৃষ্টি হয়নি।
রণধীর জয়সওয়াল আরও বলেন, ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সংক্রান্ত ভিডিও ও ছবি জনসমক্ষে উপলব্ধ রয়েছে। তিনি জানিয়েছেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে থাকা সব বিদেশি মিশন ও কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
মুখপাত্র বলেন, ভারত বাংলাদেশের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি