চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে উল্টো পথে সিএনজিচালিত অটোরিকশা চলাচলকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ ও চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কর্ণফুলীর মইজ্জ্যারটেক ফসিল ফুয়েল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ট্রাফিক সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার ও কনস্টেবল সালাউদ্দিন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার জানান, উল্টো পথে আসা একটি সিএনজিকে বাধা দিতে গেলে চালক ও তার সহযোগীরা দলবদ্ধভাবে হামলা চালান। এতে তিনি ও তাঁর সহকর্মী আহত হন।
ঘটনার পর কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে এবং একাধিক সিএনজি জব্দ করে। তবে আটক চালকদের স্বজনদের দাবি, হামলার সময় তাঁদের আত্মীয়রা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকের বলেন, উল্টো পথে যান চলাচল ঠেকাতে গিয়ে এই সংঘর্ষ হয়। আহত পুলিশ সদস্যরা চিকিৎসাধীন রয়েছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
রিপোর্টার্স২৪/বাবি