রিপোর্টার্স২৪ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকালে শুভেন্দু অধিকারী বলেন, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থাকতে পারবে না। এটি বন্ধ করতে হবে।
শুভেন্দু বলেন, দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। ২৪ ডিসেম্বর সীমান্তে এক ঘণ্টা অবরোধ হবে এবং ২৬ ডিসেম্বর আমরা পুনরায় ডেপুটি হাইকমিশনের সামনে প্রতিবাদ করব। যদি বাংলাদেশে এই ধরনের হামলা বন্ধ না হয়, তবে আমরা ২৬ ডিসেম্বর প্রায় ১০ হাজার মানুষ নিয়ে পুনরায় বিক্ষোভে ফিরব।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে প্রায় ২ হাজার বিজেপি কর্মী অংশ নেন এবং দীপু দাস হত্যাকাণ্ডকে 'মানবাধিকার লঙ্ঘন' হিসেবে বর্ণনা করে স্লোগান দেন। বিক্ষোভকারীরা আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করেন।