| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলাকে সমর্থন চীন-রাশিয়ার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ১০:০১:৩৭:পূর্বাহ্ন  |  ৩৫০৩৭৭ বার পঠিত
মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলাকে সমর্থন চীন-রাশিয়ার

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে মাদুরোর জন্য সবচেয়ে নিরাপদ ও বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো। অন্যথায় আরও কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেন ট্রাম্প।

সোমবার (২২ ডিসেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে জাতীয় নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, মাদুরো যদি পরিস্থিতি মোকাবিলায় ‘শক্ত অবস্থান’ নিতে চান, তাহলে সেটিই হবে তার সবচেয়ে বড় ভুল। এমন বক্তব্যের মধ্যেই ভেনেজুয়েলা সংকট ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে। রাশিয়া প্রকাশ্যে মাদুরো সরকারের প্রতি সমর্থন জানিয়েছে, আর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের কড়া সমালোচনা করেছে চীন। এ খবর জানিয়েছে আলজাজিরা।

এরই মধ্যে ভেনেজুয়েলার তেল খাতকে লক্ষ্য করে কার্যক্রম জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কোস্টগার্ড ক্যারিবিয়ান অঞ্চলে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার তিনটি তেল ট্যাংকার আটক করেছে, যেখানে প্রায় ৪০ লাখ ব্যারেল তেল মজুত ছিল। ট্রাম্প জানিয়েছেন, এসব জাহাজ ও তেল আর ফেরত দেওয়া হবে না। যুক্তরাষ্ট্র চাইলে এই তেল কৌশলগত মজুদে ব্যবহার করতে পারে কিংবা বাজারে বিক্রিও করতে পারে।

ওয়াশিংটনের দাবি, এসব ট্যাংকার ব্যবহার করে ভেনেজুয়েলা মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রপ্তানির চেষ্টা করছিল। তবে ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়েছে।

প্রেসিডেন্ট মাদুরো এক পালটা ভাষণে ট্রাম্পকে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক সংকট মোকাবিলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল জাতিসংঘে পাঠানো এক চিঠিতে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের এই অবরোধ কেবল ভেনেজুয়েলার জন্য নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতার জন্যও মারাত্মক হুমকি তৈরি করতে পারে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রের এই আচরণের তীব্র নিন্দা জানান। রাশিয়ার মতে, ক্যারিবিয়ান সাগরে মার্কিন সামরিক তৎপরতা আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে এবং তারা মাদুরো সরকারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

একই সুরে চীনও যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভেনেজুয়েলার সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজস্ব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য করার পূর্ণ অধিকার রয়েছে।

তবে রাশিয়া ও চীনের এই অবস্থানকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া বর্তমানে এতটাই ব্যস্ত যে ভেনেজুয়েলা ইস্যুতে কার্যকর ভূমিকা রাখার মতো অবস্থানে তারা নেই।

এই ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, মাদকবিরোধী অভিযানের অজুহাতে ক্যারিবিয়ান ও আশপাশের অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি আরও বাড়ানো হবে যা লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪