ইন্টারন্যাশনাল ডেস্ক: সিরিয়ার আলেপ্পো শহরে সিরীয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এর মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। নিহত হয়েছেন দুই ব্যক্তি। সংঘর্ষটি সোমবার (২২ ডিসেম্বর) শহরের শেইখান ও লায়রমুন গোলচত্বরে সংঘটিত হয়েছে, খবর দিয়েছে আলজাজিরা।
স্থানীয় মেডিকেল সূত্র জানায়, গোলাগুলির সময় বহু পরিবার ও শ্রমিক এলাকা ছেড়ে পালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সংঘর্ষে ভারি মেশিনগান এবং মর্টার শেলের ব্যবহার হয়েছে, যার ফলে বেশ কয়েকটি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। সিরিয়ান সিভিল ডিফেন্স জানিয়েছে, এই গোলাগুলিতে তাদের দুজন উদ্ধারকর্মী আহত হয়েছেন। পাশাপাশি শেইখান এলাকায় দুই শিশুও এসডিএফের গুলিতে আহত হয়েছেন।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসডিএফকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, দুজন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন, যাদের একজন সেনা। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফিয়াহ এলাকায় মোতায়েন যৌথ চেকপোস্টে এসডিএফ হামলা চালিয়েছে। তবে এসডিএফ বেসামরিক এলাকায় হামলার অভিযোগ অস্বীকার করে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীকে দায়ী করেছে।
ঘণ্টাব্যাপী গোলাবর্ষণের পর সোমবার গভীর রাতে উভয় পক্ষ গোলাবর্ষণ স্থগিতের বিষয়ে সম্মত হয়েছে। সানা জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় জেনারেল স্টাফের নির্দেশে সেনাবাহিনী হামলা বন্ধ করেছে। একই সঙ্গে এসডিএফও তাদের বাহিনীকে পালটা জবাব না দেয়ার নির্দেশ দিয়েছে।
এ সংঘর্ষ এমন সময়ে ঘটেছে যখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দামেস্ক সফরে এসডিএফকে নতুন সিরীয় সেনাবাহিনীতে একীভূত করার বিষয়ে আলোচনা করছিলেন। যদিও মার্চে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এসডিএফকে রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করার চুক্তিতে স্বাক্ষর করেছেন, বাস্তবায়ন এখনও সম্পূর্ণ হয়নি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের সঙ্গে সিরিয়ার উচ্চপর্যায়ের বৈঠকই এই সংঘর্ষের ‘অনুঘটক’ হিসেবে কাজ করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, এসডিএফকে সিরীয় সেনাবাহিনীতে একীভূত করার বিষয়টি জাতীয় ঐক্যের জন্য অন্যতম স্পর্শকাতর ইস্যু। ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্র-সমর্থিত এসডিএফ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে আসছে। তুরস্ক এসডিএফকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর সঙ্গে সম্পর্কযুক্ত ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করে।
রিপোর্টার্স২৪/ঝুম