আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদাদসহ আরও চারজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে আঙ্কারা থেকে ত্রিপোলির পথে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানান, ‘ফ্যালকন ৫০’ মডেলের বিজনেস জেটটি রাত ৮:১০ মিনিটে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ৮:৫২ মিনিটে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। দুর্ঘটনার আগে বিমানটি হাইমানা জেলার ওপর দিয়ে জরুরি অবতরণের আবেদন করেছিল। পরে আঙ্কারা থেকে ৭৪ কিলোমিটার দূরে হাইমানার কেসিককাভাক গ্রামে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দাবেইবাহ শোক প্রকাশ করে বলেন, এটি জাতির জন্য একটি বড় ট্র্যাজেডি। সামরিক বাহিনী এবং জনগণের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি নিহতদের দেশসেবায় নিষ্ঠা ও আন্তরিকতার প্রতীক হিসেবে স্মরণ করেন।
সাংবাদিকদের মতে, আল-হাদাদ একজন পেশাদার সামরিক কর্মকর্তা ছিলেন, যিনি কোনো মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে যুক্ত না থেকে আইনের প্রতি অচঞ্চল ছিলেন। সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার মৃত্যু লিবিয়ার সামরিক প্রতিষ্ঠানের জন্য এক বিশাল ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, তুরস্ক ও লিবিয়ার জাতিসংঘ সমর্থিত ত্রিপোলি সরকারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুর্ঘটনার আগে আল-হাদাদ তুরস্ক সফরে গিয়ে দেশটির সেনাপ্রধান ও অন্যান্য সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন।
রিপোর্টার্স২৪/বাবি