| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৪, ২০২৫ ইং | ০৯:৩২:২৪:পূর্বাহ্ন  |  ১০৫৪০৫৩ বার পঠিত
তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮

ইন্টারন্যাশনাল ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারার উপকণ্ঠে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদসহ মোট আটজন। আঙ্কারার একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই লিবীয় প্রতিনিধি দলকে বহনকারী জেট বিমানটি দুর্ঘটনায় পড়ে। এতে বিমানে থাকা সবাই নিহত হন।

নিহতদের মধ্যে ছিলেন লিবিয়ার চারজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বিমানের তিনজন ক্রু সদস্য। দুর্ঘটনার খবর নিশ্চিত করে তুরস্কের কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার আলামত পাওয়া যায়নি। তাদের ধারণা, যান্ত্রিক বা কারিগরি ত্রুটির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাঘটে থাকতে পারে।

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আল-হাদ্দাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এই দুর্ঘটনা শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, বরং এটি লিবিয়ার রাষ্ট্র ও সেনাবাহিনীর জন্য এক অপূরণীয় আঘাত।

মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ পশ্চিম লিবিয়ার শীর্ষ সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জাতিসংঘের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে বিভক্ত লিবীয় সেনাবাহিনীকে একীভূত করার প্রক্রিয়ায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে আন্তর্জাতিক মহলে পরিচিত ছিলেন।

দুর্ঘটনায় নিহত অন্যান্য সামরিক কর্মকর্তারা হলেন, স্থলবাহিনীর প্রধান জেনারেল আল-ফিতৌরি ঘারিবিল, সামরিক উৎপাদন কর্তৃপক্ষের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আল-কাতাওয়ি, সেনাপ্রধানের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাওয়ি দিয়াব এবং সামরিক আলোকচিত্রী মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব।

তুরস্কের কর্মকর্তারা জানান, নিহত লিবীয় প্রতিনিধি দলটি দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার এবং প্রতিরক্ষা খাতে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে আঙ্কারায় অবস্থান করছিল। এই মর্মান্তিক ঘটনার পর লিবিয়ার জাতিসংঘ-স্বীকৃত সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শোক পালনকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সব ধরনের সরকারি অনুষ্ঠান স্থগিত থাকবে।

সূত্র: আল-জাজিরা


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪