ফেনী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) সংসদীয় আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টায় ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ফেনী জেলা প্রশাসক মিজ মনিরা হকের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এবি পার্টি’র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, কুমিল্লা মহানগর আহ্বায়ক মিয়া তৌফিক, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ফেনী জেলার আহ্বায়ক আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, সদস্য সচিব ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানী প্রমুখ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, মানুষের কাছে নিজের যোগ্যতা প্রচার করে, নিজেকে খুব ভালো মানুষ হিসেবে উপস্থাপন করে ভোট চাওয়া আমার কাছে কখনোই সভ্য-ভদ্র কাজ মনে হত না। কিন্তু আজকে এই নির্বাচন করতে এসে অনিচ্ছা সত্ত্বেও সেরকম কাজ করতে হবে। বলতে হবে আমি অন্যদের চেয়ে যোগ্য, আমাকে ভোট দিন। কিন্তু আমি সেটা বলতে বা করতে চাইনা। আমি বরং আমার অযোগ্যতার কথা বলতে চাই। এটা আমার প্রথম নির্বাচন, জনপ্রতিনিধি হিসেবে আমার অতীত কোন অভিজ্ঞতা নেই। আমি ছাত্র অবস্থান থেকে প্রায় ৩৫ বছর তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত রাজনীতি করেছি, নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম সহ্য করেছি কিন্তু ইনশাআল্লাহ কোথাও মাথা নত করে পরাজিত হইনি। আমার বহু সার্টিফিকেট আছে কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করার কোন সার্টিফিকেট নেই।
ফেনীর জনগণের কাছে আমি মূলত: একটি অভিজ্ঞতার সার্টিফিকেটের জন্য এবং একটি বিষয়ে বিচার চাইতে এসেছি। নতুন রাজনৈতিক দল ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতে এসে আমাকে কিছু লোক খুব অপমান করেছে। তারা বলেছে আমাদের কোন বেইল নেই। নতুন দলের কোন খাওয়া নেই। আমাদের কয়টা ভোট আছে ইত্যাদি ইত্যাদি।
মঞ্জু বলেন, আমার ফেনীর জনগণ বিচার করবে ৫৪ বছর ধরে দেশে যে ভুল রাজনীতি চলছে তার বাইরে গিয়ে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি তা কি ভুল? তার কি আসলেই খাওয়া নেই? নতুন রাজনীতি মানুষ চায় কিনা; নতুন রাজনীতির পক্ষে কয়টা ভোট আছে তা ফেনী-২ এর জনগণ সিদ্ধান্ত করবে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে রায় দেবেন তা আমি মাথা পেতে নেবো।
তিনি বলেন, ফেনীর উন্নয়নের জন্য কারও ওয়াদার দরকার নেই। ফেনীতে যদি সন্ত্রাস না হয়, চাঁদাবাজি না হয়, রাজনৈতিক দলের কেউ কারও দোকান-বাড়ি-জায়গা ইত্যাদি দখল না করে, প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দেয়, এক দলের উপর আরেক দল হামলা না করে, তাহলেই আলহামদুলিল্লাহ আর কিছুর দরকার নেই। ফেনী হবে বাংলাদেশের সবচাইতে বেশি উন্নত, সুন্দর, শান্তিপূর্ণ ও স্মার্ট জেলা ও শহর। তিনি ফেনীকে সকল ধরনের দূষণমুক্ত রাখার জন্য রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
রিপোর্টার্স২৪/এসএন