ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন। এর মাধ্যমে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনে অংশ নেওয়ার তার আগের ঘোষণা বাস্তবায়িত হলো।
রুমিন ফারহানা বলেন, বিএনপি জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোট করার কারণে তাদেরকে আসন দেওয়া হয়েছে, যার ফলে তিনি দলীয় মনোনয়ন পাননি। তবে তিনি দলীয় শৃঙ্খলার প্রতি সম্মান রেখে নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তার নির্বাচনী প্রচার কার্যক্রমও ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং নির্বাচনী অফিস স্থাপনসহ প্রচার ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জমিয়তে উলামার ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিব। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে সরাইল উপজেলায় ২ লাখ ৮৮ হাজার ৬০৯, আশুগঞ্জ উপজেলায় ১ লাখ ৫৩ হাজার ৯৯ এবং বিজয়নগর উপজেলায় ৫৭ হাজার ৭৪০ জন ভোটার রয়েছেন।
রিপোর্টার্স২৪/এসসি