রিপোর্টার্স২৪ ডেস্ক: ফেসবুকে দেওয়া এক ঘোষণার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মীর আরশাদুল হক। একই সঙ্গে তিনি দলটির সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে মীর আরশাদুল হক জানান, তিনি এনসিপির কোনো পদে আর থাকছেন না। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত থেকেও সরে এসেছেন বলে উল্লেখ করেন।
ওই পোস্টেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘদিন পর দেশে ফেরাকে স্বাগত জানান এবং তাঁর প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
এনসিপির চট্টগ্রাম মহানগরের শীর্ষ এই নেতার হঠাৎ পদত্যাগ ও রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে দলীয় পর্যায়েও নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/এসসি