আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত শিক্ষকের নাম দানিশ রাও। তিনি ১১ বছর ধরে ক্যাম্পাসের ভেতরে অবস্থিত এবিকে হাইস্কুলে কম্পিউটার সায়েন্স পড়াতেন।
গুলি চালানোর আগে একজন বন্দুকধারী দানিশকে বলেছিল, ‘তুমি আমাকে এখনো চিনতে পারোনি, এখন তুমি চিনবে।
সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট নীরজ জাদন নিশ্চিত করেছেন, রাওকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাকে দ্রুত জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কাছে গুলি চালানোর ঘটনাটি ঘটে।
এনডিটিভিকে জানানো হয়েছে, ছয়টি পুলিশ দল গঠন করা হয়েছে এবং পালিয়ে যাওয়া খুনিদের সনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করেছে।
এএমইউ প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলী সাংবাদিকদের বলেন, ‘রাত ৯টার দিকে আমরা খবর পাই যে, লাইব্রেরির কাছে গুলি চালানো হয়েছে এবং একজন ব্যক্তি আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে... আমরা পরে জানতে পারি, গুলিবিদ্ধ ব্যক্তি দানিশ রাও এবং তিনি এবিকে স্কুলের একজন শিক্ষক। তার মাথায় গুলি করা হয়েছিল... মেডিকেল কলেজে তার মৃত্যু হয়েছে।’
রিপোর্টার্স২৪/এসএন