ইন্টারন্যাশনাল ডেস্ক: ক্রিসমাসের রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ ঝড় ও টানা ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ভূমিধস। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। একই সঙ্গে ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রায় এক লাখ মানুষের।
আবহাওয়া সংস্থার সতর্কবার্তা অনুযায়ী, শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে। পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কায় স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েকটি এলাকায় টানা বৃষ্টিতে ১১ ইঞ্চি বা প্রায় ২৭ সেন্টিমিটার পর্যন্ত পানি জমেছে। এতে বহু এলাকা পানির নিচে তলিয়ে যায়, বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
হঠাৎ বেড়ে যাওয়া পানির কারণে অনেক যানবাহন সড়কে আটকে পড়ে। এসব যান থেকে যাত্রীদের উদ্ধারে জরুরি পরিষেবা সংস্থাগুলোকে একাধিক উদ্ধার অভিযান পরিচালনা করতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন।
যুক্তরাষ্ট্রের ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, আগামী সময়েও আকস্মিক বন্যার ঝুঁকি পুরোপুরি কাটেনি। ছোট-বড় নদী ও খালগুলোতে পানির উচ্চতা আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। দুর্যোগের মধ্যে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। সান ডিয়েগোতে ঝড়ের সময় একটি গাছ ভেঙে পড়ে ৬৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। রেডিং শহরে বন্যার পানিতে গাড়ির ভেতর আটকে পড়া অবস্থায় উদ্ধারকালে ৭৪ বছর বয়সী আরেকজনের মৃত্যু হয়। এছাড়া মেনডোসিনো কাউন্টির ম্যাককেরিচার স্টেট পার্কে বড় ঢেউয়ের আঘাতে পাথর থেকে পড়ে সাগরে ভেসে গিয়ে সত্তরোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে।
এদিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টির কিছু এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। সান ফ্রান্সিসকো বে এলাকায় জারি রয়েছে ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বে এলাকার একটি পর্যবেক্ষণ কেন্দ্রে ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ মাইল অতিক্রম করেছে।
লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস ছুটির মৌসুমে অপ্রয়োজনে ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়ে নগরবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম