রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগ মোড়ে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। কর্মসূচির কারণে শাহবাগ দিয়ে চলাচলকারী বাস, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহন আটকে পড়ে, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
অবরোধ চলাকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন শাহবাগ এলাকা। স্লোগানগুলোর মধ্যে ছিল ‘তুমি কে, আমি কে? হাদি–হাদি’, ‘আমরা সবাই হাদি হবো’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ইত্যাদি।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চ ও শহীদ ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পোস্টে জানানো হয়, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
পোস্টে আরও বলা হয়, শহীদ হাদির রুহের মাগফেরাত কামনা এবং হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পর গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর সেখানে তিনি মারা যান।
হাদি হত্যার পর থেকেই সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং বিভিন্ন সংগঠন তার হত্যার বিচার দাবি করে আসছে।
রিপোর্টার্স২৪/ঝুম