রিপোর্টার্স২৪ ডেস্ক: সিরিয়ার হোমস শহরে আলাওয়ি সংখ্যালঘু সম্প্রদায়ের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। নিহত ও আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা নাজিব আল-নাসানের বরাতে জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হোমস সিটির প্রেস অফিস জানায়, শহরের ইমাম আলি বিন আবি তালিব মসজিদের ভেতরে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী মসজিদ ও আশপাশের এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে।
স্থানীয় কর্মকর্তা ইস্সাম নামেহ রয়টার্সকে জানান, বিস্ফোরণটি জুমার নামাজের সময় ঘটে, যা সাধারণত মসজিদগুলোর সবচেয়ে ব্যস্ত সময় হিসেবে পরিচিত।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মী ও নিরাপত্তা সদস্যরা মসজিদের ভেতরে সবুজ কার্পেটের ওপর ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন। তবে এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ, যিনি নিজেও আলাওয়ি সম্প্রদায়ের সদস্য, গত বছর বিদ্রোহী হামলার মুখে ক্ষমতাচ্যুত হন। এরপর সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠদের নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই সিরিয়ায় একাধিকবার সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে।
এর আগে চলতি মাসেই সিরিয়ার মধ্যাঞ্চলে এক হামলায় দুই মার্কিন সেনা ও এক বেসামরিক দোভাষী নিহত হন। ওই ঘটনার জন্য কর্তৃপক্ষ সহিংস সুন্নি মুসলিম গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)–এর সন্দেহভাজন সদস্যদের দায়ী করেছিল।
রিপোর্টার্স২৪/আয়েশা