রিপোর্টার্স২৪ ডেস্ক: জাপানের মধ্যাঞ্চলে একটি রাবার কারখানায় ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে একটি অজ্ঞাত তরলও ছিটানো হয় বলে জানিয়েছে স্থানীয় জরুরি সেবা কর্তৃপক্ষ।
শিজুওকা অঞ্চলের মিশিমা শহরের দমকল বিভাগের কর্মকর্তা তোমোহারু সুগিয়ামা শুক্রবার (২৬ ডিসেম্বর) এএফপিকে জানান, আহত ১৪ জনকে জরুরি সেবার মাধ্যমে হাসপাতালে পাঠানো হচ্ছে। তাদের মধ্যে অন্তত ছয়জনকে একাধিক অ্যাম্বুলেন্সের বহর করে হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি বলেন, স্থানীয় সময় বিকেল প্রায় ৪টা ৩০ মিনিটে একটি রাবার কারখানা থেকে জরুরি ফোনকল আসে। সেখানে জানানো হয়, ‘পাঁচ বা ছয়জনকে কেউ ছুরিকাঘাত করেছে’ এবং ঘটনাস্থলে একটি ‘স্প্রে-জাতীয় তরল’ ব্যবহার করা হয়েছে।
জাপানের গণমাধ্যম জানিয়েছে, পুলিশ হত্যাচেষ্টার সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে। দৈনিক আসাহি শিম্বুন তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানায়, ত্রিশের কোঠার ওই ব্যক্তি কারখানাটির সঙ্গে সংশ্লিষ্ট।
সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তি গ্যাসমাস্ক সদৃশ একটি মুখোশ পরেছিলেন এবং তার কাছে সারভাইভাল নাইফের মতো একটি ছুরি ছিল। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, গ্রেপ্তার ব্যক্তি পুলিশের কাছে নিজের বয়স ৩৮ বছর বলে জানিয়েছেন।
আহতদের অবস্থা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে এনএইচকের খবরে বলা হয়েছে, সবাই বর্তমানে সচেতন অবস্থায় আছেন।
যে কারখানায় ঘটনাটি ঘটেছে, সেটি ইয়োকোহামা রাবার কোম্পানি পরিচালিত, যেখানে ট্রাক ও বাসের টায়ার উৎপাদন করা হয়।
জাপানে সহিংস অপরাধ তুলনামূলকভাবে বিরল। দেশটিতে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন রয়েছে এবং খুনের হারও কম। তবে মাঝেমধ্যে ছুরিকাঘাত ও গুলির ঘটনা ঘটে। এর মধ্যে ২০২২ সালে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এর আগে ২০২৩ সালে দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হওয়ার ঘটনায় গুলি ও ছুরিকাঘাতের দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে গত অক্টোবরে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া চলতি বছরের মে মাসে টোকিওর তোদা-মায়ে মেট্রো স্টেশনে ছুরিকাঘাতের ঘটনায় ৪৩ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
রিপোর্টার্স২৪/আয়েশা