স্টাফ রিপোর্টার: জুলাই বিপ্লবের শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাতায়াতের সুবিধার্থে রাজধানীর শাহবাগ মোড় সাময়িকভাবে ছেড়ে দিয়েছেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে সংগঠনটির পক্ষ থেকে শাহবাগ মোড় থেকে সরে গিয়ে পার্শ্ববর্তী আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন শুরু করা হয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানিয়েছেন, তারেক রহমানের কর্মসূচি শেষ হওয়ার পর বেলা ১২টার দিকে তারা পুনরায় শাহবাগ মোড় অবরোধ করে মূল অবস্থানে ফিরে যাবেন।
গত শুক্রবার রাতভর কনকনে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাজপথে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা। শহীদ ওসমান হাদির মৃত্যুর এক সপ্তাহ পার হলেও এখনও প্রকৃত দোষীদের গ্রেপ্তার বা বিচারের নিশ্চয়তা না পাওয়া নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আন্দোলনকারীদের দাবি, যদি সরকার দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনে না, তবে শাহবাগে অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলবে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বেলা ১১টার দিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এই সফরে তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
জিয়ারতের পর তারেক রহমান পঙ্গু হাসপাতালে আহতদের খোঁজ নেবেন। সেই পরিপ্রেক্ষিতে ইনকিলাব মঞ্চের ‘বিপ্লবীরা’ শাহবাগ মোড় থেকে সাময়িকভাবে সরে গিয়ে পাশের এলাকায় অবস্থান নিয়েছেন।
গত কয়েকদিন ধরে শাহবাগ এলাকায় আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে রাত কাটিয়ে আন্দোলনকারীরা তাদের দাবির পক্ষে অনড় অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা কোনো রাজনৈতিক কর্মসূচি ব্যাহত করতে চান না; তাদের প্রধান লক্ষ্য শহীদ হাদির বিচারের দাবিতে জনমত গঠন। তবে দুপুরের পর পুনরায় শাহবাগ অবরোধ করা হলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম