রিপোর্টার্স২৪ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রমাণ করে যে রাশিয়া যুদ্ধ বন্ধ করতে আগ্রহী নয়। শনিবার (২৭ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে রোববার (২৮ ডিসেম্বর)। রাশিয়ার সঙ্গে চলমান সংঘাত অবসানের লক্ষ্যে সম্ভাব্য আলোচনার অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বৈঠকের আগমুহূর্তে ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া যুদ্ধ শেষ করতে চায় না। বরং ইউক্রেনকে আরও দুর্ভোগের দিকে ঠেলে দিতে তারা ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে।’ তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক পরিসরে চাপ সৃষ্টি করতে মস্কো প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে।
এর আগে জেলেনস্কি জানান, মার্কিন মধ্যস্থতায় প্রণীত সম্ভাব্য শান্তি পরিকল্পনা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টি সংক্রান্ত পৃথক প্রস্তাবের দিকেই তিনি মনোযোগ দিতে চান। তবে এক ঊর্ধ্বতন রুশ কর্মকর্তা জানিয়েছেন, জেলেনস্কি ও ট্রাম্পের সম্ভাব্য বৈঠক যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সরাসরি আলোচনার সঙ্গে সম্পৃক্ত নয়।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহারের বিষয়ে জেলেনস্কির প্রস্তাব সম্পর্কেও এখন পর্যন্ত ক্রেমলিন কোনো মন্তব্য করেনি।
এদিকে ইউক্রেনের মেজর ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী রুশ হামলা প্রতিহত করার চেষ্টা করছে। কিয়েভের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর প্রায় তিন বছর ধরে দুই দেশের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।
সূত্র: আলজাজিরা
রিপোর্টার্স২৪/আয়েশা